"আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক এর উদ্যগে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে এবং প্রতিটি পরিবারে কন্যা শিশুদের সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কাজী হাসনাতুন তাসনিয়া নারী ও কন্যার অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাজ থেকে বাল্যবিবাহের অভিশাপ চিরতরে দূর করার ওপর জোর দেন এবং নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সমাজ উন্নয়নে সর্বদা নারীদের এগিয়ে আসার জন্য তিনি আহব্বান করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজ থেকে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, কোনো ধরনের বাল্যবিবাহ বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পুলিশ সব সময় নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
কৃষি অফিসার কিশোর আহমেদ তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নারীদের কৃষি কাজে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আরও দক্ষ করে তুলতে হবে, তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনেও বড় ভূমিকা রাখতে পারবে।
সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি তাঁর বক্তব্যে বলেন, মৎস্য খাতেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছ চাষ, পোনা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে পরিবার ও দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, নারীদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করলে তারা সহজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারবে এবং সমাজে তাদের অবস্থান আরও শক্ত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষিত নারীই পারে একটি শিক্ষিত ও সচেতন সমাজ উপহার দিতে। তাই কোনোভাবেই যেন কন্যা শিশুদের পড়াশোনা মাঝপথে বন্ধ না হয়, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি, হিসাব রক্ষণ অফিসার প্রকাশ কুমার আইচ, সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ এবং তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) ।