প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
কয়রায় বজবুজা খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

-
কয়রা (খুলনা) প্রতিবেদক:
উপজেলার আমাদী ইউনিয়নের খেওনা গ্রামের বজবুজা এলাকায় মঙ্গলবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
প্রকল্পটি রাহাজানের বাড়ি থেকে শুরু হয়ে আজিজ সরদার ও আলী সরদারের জমি পর্যন্ত বজবুজা খাল পুনঃখননের কাজ সম্পাদন করবে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩৩৬ টাকা।
খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে নবপল্লব প্রকল্প (সিএনআরএস)। এই এনজিও উপকূলীয় অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও মৎস্য চাষে ইতিবাচক প্রভাব পড়বে।
উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন,
“খননের পর সেচের সুবিধা বৃদ্ধি পাবে, ফলে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে। এতে বেকারত্ব কমবে এবং চাষীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সরকার যেন এ ধরনের প্রকল্প অব্যাহত রাখে।”
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার মুস্তাক মাহমুদ, এবং কয়রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫