
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ফকিরহাট উপজেলা–এর সাতবাড়িয়া খালে এ কর্মসূচির উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ সংসদীয় আসন–এর সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলাবদ্ধতা নিরসনে নদী-নালা ও খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সরকারের অন্যতম লক্ষ্য।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।