খুলনার পাইকগাছা উপজেলার লতার পুতুলখালীতে শনিবার গভীর রাতে এক নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের এক এসআই চিন্ময় মন্ডলের মা, ৫৫ বছর বয়সী ভারতি মন্ডল কে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভারতি মন্ডল বাড়ীতে একাই ছিলেন। রাতে কে বা কারা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে বাড়ীর সংলগ্ন মৎস্য ঘেরে ফেলে পালিয়ে যায়।
নিহতের ভাই সুকুমার মনি বলেন, “রবিবার সকালে বোনের বাড়ীতে গিয়ে দেখি দরজা খোলা এবং ঘরে জিনিসপত্র তছনছ করা। পরে খুঁজে দেখার পর দেখেছি বাড়ীর কাছে ঘেরে বোনের লাশ ফেলা রয়েছে।”
এই ঘটনায় রবিবার দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান এবং সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পর পুরো ঘটনা পরিষ্কার হবে।
এখন নিহতের ছেলে পুলিশের স্বরনখোলা থানায় কর্মরত এসআই চিন্ময় মন্ডল থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।