খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনা কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, নগরীতে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ, অতিরিক্ত গতিতে গাড়ি চালনা নিয়ন্ত্রণ, মোটরযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন রোধ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সড়কের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনা অপসারণ, অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম জোরদার করতে হবে।
এছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।