যশোরের মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রাম থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাতবরের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাতবরের ছেলে শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই খোকন পলাতক ছিলেন।
পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।