রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে জানা গেছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
নিহতরা হলেন—রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬০) এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের কর্মকর্তা মর্জিনা বেগম (৫৬)।
এদিকে নিহত রেহেনা আক্তারের ছেলে আহনাফ রায়হান ও নাতি এখনো নিখোঁজ রয়েছেন। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।