নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট | ২৬ মার্চ ২০২৬
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি -এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে তাকে ধাওয়া করলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে খালের পাড়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে তদন্ত চালাচ্ছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।