খুলনা জেলার দিঘলিয়া উপজেলা-এর সেনহাটি ইউনিয়ন-এর সেনহাটি পুঁটিমারী সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের আয়োজনে পাঁচদিনব্যাপী বাসন্তী পূজা বিজয়া দশমীর মঙ্গলযাত্রা, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে।
শনিবার (২৮ মার্চ) বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই পূজামণ্ডপে ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মঙ্গলযাত্রা পাঠ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছিল উপচেপড়া ভিড়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকেলে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। সিঁদুর খেলার পর ভক্তরা অশ্রুসজল চোখে দেবী বাসন্তীকে বিদায় জানাবেন।
এরপর প্রতিমা নিয়ে ভক্তবৃন্দ সেনহাটী শিববাড়ী প্রতিমা বিসর্জন ঘাট-এর উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী ভৈরব নদী-তে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এবারের বাসন্তী পূজার।
এর আগে মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিনই নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা উদযাপিত হয়েছে। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান, মহাষ্টমীতে সন্ধিপূজা এবং মহানবমীতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। প্রতিদিনই পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ছিল ব্যাপক উপস্থিতি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের পূজা সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। সব মিলিয়ে, মঙ্গলযাত্রা, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিঘলিয়ার সেনহাটিতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজার পরিসমাপ্তি ঘটছে।