
জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে আজ দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় ২০ মিনিটের এই সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা পারস্পরিক বিষয় নিয়ে আলাপ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা বিদায় নেয়ার সময় প্রধানমন্ত্রী তাকে সৌজন্যবশত কিছুটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণে উপস্থিত সবার মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তার শিষ্টাচার প্রশংসিত হয়।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–এর সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজে একসঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা পাশাপাশি হেঁটে সংসদ ভবনের দিকে যান। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সকলকে যথাযথ সম্মান প্রদর্শনে বিশ্বাসী। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী সময়েও বিভিন্ন অনুষ্ঠানে তার সৌজন্যপূর্ণ আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
আজকের এই সাক্ষাৎ ও সৌজন্যমূলক আচরণ প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।