খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। সভায় বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বৈশ্বিক এই সংকটের সুযোগ নিয়ে স্থানীয় কোনো অসাধু ব্যবসায়ী যেন জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। একইসাথে খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তেলের বাজার স্থিতিশীল রাখতে তিনি প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মাদক ও বাল্যবিবাহকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করে তিনি এসব সামাজিক ব্যাধি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবক ও স্থানীয় সুধী সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলার বিভিন্ন খেয়াঘাট ও ফেরি পারাপারে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ খতিয়ে দেখে তা দ্রুত বন্ধের আশ্বাস দেন তিনি। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ খাস জমি উদ্ধার এবং নিয়মিত বাজার তদারকির মাধ্যমে জনভোগান্তি কমানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। এছাড়াও সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন এবং গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
দিঘলিয়া উপজেলার সামগ্রিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিববৃন্দ সভায় সক্রিয়ভাবে অংশ নেন। সভা শেষে বক্তারা একটি নিরাপদ ও আধুনিক দিঘলিয়া গড়তে প্রশাসনের সকল উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন।