খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক দিনব্যাপী বিভিন্ন এলাকায় পরিদর্শন ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সোমবার (৬ এপ্রিল) নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে এসব কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় (১৭ নম্বর ওয়ার্ড) পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় হাসপাতাল এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে দৌলতপুর থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রশাসক। তিনি কল্পতরু মার্কেট সংলগ্ন এসটিএস (৪/৫ নম্বর ওয়ার্ড), দেয়ানা পাখির মোড় (ওয়ার্ড ৪), মূলের ঘাট খাল (ওয়ার্ড ৩) এবং সাড়াডাঙ্গা এলাকার এসটিএস ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসক জানান, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা হবে।