কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর পানান এলাকায় মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এক বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার তানযিমুল আতফাল মাদরাসা প্রাঙ্গণে "সচেতন নাগরিক সমাজ"-এর ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং এই সামাজিক ব্যাধি নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল এবং হোসেনপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন খান। বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের নীল দংশনে পারিবারিক ও সামাজিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে কেবল প্রশাসনের দিকে চেয়ে থাকলে চলবে না, বরং প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম এরশাদসহ বিশিষ্ট আলেম ও সমাজসেবীরা এই আন্দোলনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাওলানা শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় হাফেজ মাওলানা আনোয়ার শাহ্ হোসেনপুরী, মাওলানা নজরুল ইসলাম এবং মেঃ আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন থামবে না। মাদকের পাশাপাশি জুয়ার আসরগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি সামাজিক বয়কটের প্রস্তাবও আলোচনায় উঠে আসে। উত্তর পানান এলাকার সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ মানুষ এখন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আয়োজকদের পক্ষে মো. নজরুল ইসলাম এই আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, উত্তর পানান এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে একটি আদর্শ ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার সম্মিলিত শপথ গ্রহণ করেন।