আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা বন্ধুত্বের আড়ালে ওত পেতে থাকা এক ভয়ংকর ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন মো. ইউনুচ শেখ নামের এক যুবক। মুন্সীগঞ্জের শ্রীনগরে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা সখ্যতার সূত্র ধরে ইলিশ খাওয়ানো ও কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাকে ও তার ভাইকে সর্বস্বান্ত করা হয়েছে। তবে পুলিশি তৎপরতায় এই ঘটনায় জড়িত দুই অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ইউনুচ ও তার ভাই সাকিবের সঙ্গে মাস ছয়েক আগে টেলিগ্রামে পরিচয় হয় ইয়াছিন মোল্লা নামের এক যুবকের। গভীর ঘনিষ্ঠতা তৈরি করে ইয়াছিন তাদের মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে দ্রুত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাতে থাকে। এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে করে শ্রীনগর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করা হয়। মধ্যরাতে ছনবাড়ী ফ্লাইওভারের কাছে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রটি তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় ব্যক্তিগত নথিপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের এই ঘটনাটির পরপরই শ্রীনগর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। এসআই মাইনুল হক খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছনবাড়ী এলাকা থেকে ইয়াছিন মোল্লা ও তার সহযোগী আল হাসিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসময় ইয়াছিনের কাছ থেকে ছিনতাইকৃত সেই মোটরসাইকেল এবং হাসিবের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে এই চক্রের অপর সদস্য সজীব মোল্লা এখনো পলাতক থাকায় তাকে ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী ইউনুচ শেখ বাদী হয়ে ইতোমধ্যে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার এই ঘটনার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব ও প্রলোভনের বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। অনলাইনে গড়ে ওঠা সখ্যতা যে কতটা আত্মঘাতী হতে পারে, এই ঘটনাটি তারই এক জ্বলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে।