“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় খুলনার দিঘলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। এসময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি সভাপতি এম. সাইফুর রহমান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ তার বক্তব্যে বলেন, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষকদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
দিঘলিয়া উপজেলা বিএনপি সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। কৃষকদের উন্নয়নে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।