
রাজধানীর আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবনির্মিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’-এর উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধন শেষে তিনি অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে সুলতানি ও মোগল আমলের বিভিন্ন মূল্যবান নিদর্শন প্রদর্শিত হচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।
উদ্বোধনের পর মন্ত্রী জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মহাস্থানগড়, পাহাড়পুর ও উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন প্রত্নস্থল থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ নিদর্শন ঘুরে দেখেন। প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব সামগ্রী, সিলমোহর, পোড়ামাটির বস্তু এবং বিভিন্ন প্রতিমা স্থান পেয়েছে।
মতবিনিময় সভায় মন্ত্রী প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও গবেষণার কাজ আরও জোরদার করার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।