
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় গুরুত্বপূর্ণ দুইটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ইজিপিপি কর্মসূচির আওতায় “সাহস ডোলভাঙা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালী গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খাল পুনঃখনন” এবং “কৃষ্ণনগর নিমতলা হতে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পার্শ্ব আশি ফুট খাল পুনঃখনন” প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাতসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এই প্রকল্পগুলো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।