সুজিত বাছাড়,
খুলনার দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।
সম্প্রতি অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসন জানিয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে একই নিয়মের আওতায় আনা হবে।
অভিযানের সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজপত্র ও ফিটনেস সনদ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এসব নথিপত্র প্রদর্শনে ব্যর্থ হলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। দুর্ঘটনা কমানো এবং সচেতনতা বাড়াতে হেলমেট ব্যবহারের ওপর জোর দিয়ে এ বিশেষ অভিযান হাতে নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে সকল মোটরসাইকেল চালককে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।