সুস্থ থাকার জন্য হাঁটা সর্বোত্তম ব্যায়াম হলেও অনেকের ক্ষেত্রে এই সাধারণ চলাফেরা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। সামান্য হাঁটাচলা করলেই পায়ে তীব্র ব্যথা, পেশিতে টান ধরা কিংবা জ্বালাপোড়া ও ঝিনঝিন করার মতো সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ হাঁটার পর বিশ্রাম নিলে আরাম বোধ করেন কিন্তু পুনরায় হাঁটতে গেলে ব্যথার সম্মুখীন হন, তাদের ক্ষেত্রে বিষয়টি অবহেলার নয়। এই সমস্যার পেছনে পেশির অতিরিক্ত চাপ বা মাসল স্ট্রেইন থেকে শুরু করে জটিল স্নায়বিক কারণও থাকতে পারে। হঠাৎ করে ভারী ব্যায়াম শুরু করা কিংবা সঠিক নিয়ম না মেনে দ্রুত হাঁটার ফলে পেশিতে টান পড়ে এমন ব্যথার সৃষ্টি হয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পায়ে ব্যথার অন্যতম সাধারণ একটি কারণ হলো প্লান্টার ফ্যাসাইটিস, যা মূলত পায়ের পাতার নিচের অংশে প্রদাহের সৃষ্টি করে। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে হাঁটু বা গোড়ালির জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস বা বাতের সমস্যা দেখা দেয়, যা হাঁটাচলার সময় তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় কোমর থেকে স্নায়ুর চাপ বা সায়াটিকার সমস্যা পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এমনকি রক্ত চলাচলের পথে প্রতিবন্ধকতা বা পেরিফেরাল আর্টারি ডিজিজের মতো গুরুত্বর সমস্যার কারণেও হাঁটার সময় পা ভারী হয়ে আসা বা ব্যথার সৃষ্টি হতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমেই ব্যথার সঠিক উৎস খুঁজে বের করা প্রয়োজন। সাময়িক উপশমের জন্য আক্রান্ত স্থানে দিনে কয়েকবার বরফ সেঁক দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম বেশ কার্যকর হতে পারে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পায়ের পেশি ও লিগামেন্ট শক্তিশালী করতে নির্দিষ্ট কিছু স্ট্রেচিং ও স্ট্রেনদেনিং ব্যায়াম করা জরুরি। বিশেষ করে কাফ মাসল বা পায়ের মাংসপেশির নমনীয়তা বাড়ালে হাঁটাচলার সময় বাড়তি চাপ কম অনুভূত হয়। এছাড়া হাঁটার জন্য সঠিক মাপের এবং আরামদায়ক জুতা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনুপযুক্ত জুতা পায়ের হাড় ও পেশিতে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে।
শরীরের অতিরিক্ত ওজন কমানো পায়ে ব্যথার ঝুঁকি কমানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে, কারণ দেহের বাড়তি ভার সরাসরি পায়ের জয়েন্টগুলোর ওপর চাপ সৃষ্টি করে। দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আলট্রাসাউন্ড থেরাপি বা বিশেষ কিছু অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন, যেমন—হাঁটার শুরুতে শরীরকে গরম করে নেওয়া বা ওয়ার্ম আপ করা, দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে না থাকা এবং প্রতিদিনের কাজে সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখার মাধ্যমে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত সচেতনতা ও সঠিক যত্নই পারে আপনাকে যন্ত্রণামুক্ত ও সচল রাখতে।