
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস কে আজিজুল বারী এমপি।
প্রকল্প সূত্রে জানা যায়, সেনহাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিং ও রাস্তা এইচবিবি করণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সেনহাটি বতিভিটা কমিউনিটি ক্লিনিক হতে বাসোর মার খেয়াঘাট হয়ে বেলেঘাট অভিমুখে ৬২৫ মিটার এবং সেনহাটি ৬নং ওয়ার্ড ইট ভাটা হতে তিন রাস্তার মোড় অভিমুখে ৩৭৫ মিটার রাস্তা উন্নয়ন কাজ। এছাড়াও ব্রক্ষগাতী আশ্রয়ণ প্রকল্প হতে বিল অভিমুখে ৩৫০ মিটার এবং মহিষদিয়া পিচের রাস্তা হতে বিল অভিমুখে ১৫০ মিটার রাস্তা এইচবিবি করণের কাজ করা হবে।
প্রকল্পের অর্থবছর ২০২৫-২৬ এবং কার্যাদেশ মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮ লাখ ৯ হাজার ৬৯৪ টাকা ৫২ পয়সা। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, দিঘলিয়া, খুলনার বাস্তবায়নে এ উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক খান জুলফিকার আলী জুলু, দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।