
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধিঃ
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মে ২০২৬ থেকে। সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে ১৮ ই মে উপজেলা সদরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত স্থানীয় কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সরকারি গুদামে ধান বিক্রির নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। এছাড়াও স্থানীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সরকার নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। প্রতি মেট্রিক টন (২৫ মণ) ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার টাকা। কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধান অবশ্যই শুকনা ও টিটা মুক্ত হতে হবে এবং আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১৪ শতাংশের মধ্যে থাকতে হবে। এছাড়া একাধিক জাতের মিশ্রণ ও অপরিপক্ব ধান গ্রহণযোগ্য হবে না।
ধান সংগ্রহের জন্য নির্ধারিত কেন্দ্র দুটি হলো—
ফুলতলা এলএসডি (গাজীরহাট, বারাকপুর ও সেনহাটি ইউনিয়নের কৃষকদের জন্য)
মহেশ্বরপাশা সিএসডি (দিঘলিয়া, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের কৃষকদের জন্য)
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কৃষককে নির্ধারিত নিয়ম মেনে সরকারি গুদামে ধান বিক্রির আহ্বান জানানো হয়েছে।