বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে বন বিভাগের উদ্যোগে কুমিরটিকে খুলনায় স্থানান্তর করা হয়।
বুধবার বন বিভাগের কর্মকর্তারা দিঘি থেকে কুমিরটি ধরে খুলনায় নিয়ে যান। পরে সেটিকে বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে মাজারের দিঘির পাড় থেকে সাত বছর বয়সী ফাতেমা নামে এক শিশুকে কুমিরটি টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে দিঘিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে জানাজা শেষে মাজার প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়। ঘটনার পর মঙ্গলবার রাতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মাজারকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বিশেষ করে কুমিরকে ঘিরে বাণিজ্য, তাবিজ বিক্রি এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগও উত্থাপিত হয়।
বাগেরহাট জেলা প্রশাসক ও মাজার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্য প্রাণী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রাণীটি বন বিভাগের হেফাজতেই থাকবে।
স্থানীয়দের আশা, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং মাজারে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে।