
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার উপজেলার পথের বাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে ছাত্রসমাজ, যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা দিঘলিয়াকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান এ আন্দোলনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদককে না বলে সুস্থ, নিরাপদ ও সচেতন জীবন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “আসুন, সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ।”