সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্রিসেন্ট ও পিপলস জুট মিলের মধ্যবর্তী সড়ক পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুতই এ সড়ক খুলে দেওয়া সম্ভব হবে।
শনিবার বিকেলে দিঘলিয়া উপজেলার ক্রিসেন্ট-পিপলস জুট মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক পরিদর্শন শেষে সেনহাটী শিববাড়ি মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি পথ কখনো পথিককে আটকে রাখতে পারে না। মানুষ তার প্রয়োজনের পথ খুঁজে নেয়। তাই সেনহাটীবাসীর দীর্ঘদিনের এই যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই এবং দ্রুত সড়কটি খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।
সমাবেশ শেষে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়া ঘাটের দেয়াড়া প্রান্তের খেয়াঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং খেয়াঘাটের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দৌলতপুর খেয়াঘাটের দেয়াড়া প্রান্তের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটী উন্নয়ন ও সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক এম. সিদ্দিক উজ জামান, স্টার জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি গাজী এনামুল হক মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেলাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হক, সেনহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি এবং ছাত্রদল নেতা লিটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।