
আল মাহফুজ শাওন
দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত ও প্রিয় মুখ, খ্যাতিমান চিত্রগ্রাহক তৈয়ব রহমান আর নেই। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর সংবাদে চলচ্চিত্র, নাটক ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে ক্যামেরার পেছনে থেকে তিনি অসংখ্য নাটক, টেলিফিল্ম, প্রামাণ্যচিত্র ও বিভিন্ন সৃজনশীল নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর চিত্রায়নে নির্মিত আলোচিত নাটকগুলোর মধ্যে ‘তারিক আলী হাডারি’ অন্যতম।
সহকর্মীদের কাছে তৈয়ব রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ পেশাজীবী। তাঁর কর্মনিষ্ঠা, সৃজনশীলতা এবং আন্তরিক আচরণের কারণে শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত একজন মানুষ।
তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, নির্মাতা, শিল্পী, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা খুলনার টুটপাড়া কবরস্থানে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
খুলনায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা তৈয়ব রহমান এক সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যু দেশের মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।