খুলনা নগরীর ডাক্তারপাড়া এলাকায় অবস্থিত নুরুল কুরআন তাহফিজ একাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইসমাইল নামের এক শিশু শিক্ষার্থীকে হেফজখানার এক শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করেন। পরে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলে বিষয়টি পরিবারের নজরে আসে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে, ঘটনার পর শিশুটির বাবা তাকে মাদ্রাসা থেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সাংবাদিক ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে গেলে শিশুটির বাবা বিস্তারিত তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। স্থানীয়দের ধারণা, প্রভাবশালী মহলের চাপে তিনি খোলাখুলি কথা বলতে ভয় পাচ্ছেন।
এ ঘটনায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।