স্ত্রীর স্বীকৃতির দাবিতে আমরণ অনশনে বসা মলি মল্লিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন।
মলি মল্লিক খুলনা নগরীর জিরোপয়েন্ট হান্নান সড়ক এলাকায় তাঁর স্বামী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হলেও স্বামী ও তাঁর পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বাড়িতে প্রবেশে বাধা দেয়। এছাড়া বিয়ের পর যৌতুক ও দেনা-পাওনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁকে মানসিকভাবে নির্যাতন এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, অনশন কর্মসূচি শুরুর পর থেকেই অভিযুক্ত স্বামী ডা. ইন্দ্রজিৎ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ, স্থানীয় প্রশাসন, সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মলি মল্লিকের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে প্রশাসনের আশ্বাসে আস্থা রেখে গভীর রাতে মলি মল্লিক তাঁর আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা গুজবে কান না দিয়ে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।