
আল মাহফুজ শাওন
খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন ওয়ার্ড প্রশাসক মারুফ রশিদ। নিয়মিত ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার কার্যক্রমে ইতোমধ্যে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
ওয়ার্ডজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণের পাশাপাশি ড্রেনের প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও সহজ হচ্ছে। বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বর্জ্যও নিয়মিত অপসারণ করা হচ্ছে।
ওয়ার্ড প্রশাসক মারুফ রশিদ বলেন, নাগরিকদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে। বিশেষ করে রাস্তাঘাট ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।
স্থানীয় বাসিন্দারা জানান, চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে এলাকার পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ড্রেন পরিষ্কার থাকায় পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে এবং জলাবদ্ধতার সমস্যাও কমেছে। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।