সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশগুপ্ত। সভাটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজউদ্দিন আহমেদ।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্ধারণ, মাঠের পরিবেশ উন্নয়ন এবং শিশুদের জন্য পৃথক খেলার স্থান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যেসব উপজেলায় মিনি স্টেডিয়াম রয়েছে সেসব উপজেলা ছাড়া অন্য উপজেলায় কমপক্ষে ১০ বিঘা এবং প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৮ বিঘা জমি খেলার মাঠ হিসেবে নির্ধারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাঠ নির্বাচনের ক্ষেত্রে কৃষিজমি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং স্থানীয় জনগণের সহজ ব্যবহার নিশ্চিত করা যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া প্রতিটি মাঠের চারপাশে ছায়াদানকারী ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে দেয়াল, পিলার বা কাঁটাতারের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং মাঠের একাংশে শিশুদের জন্য পৃথক খেলার স্থান বা ‘শিশু পার্ক’ পরিকল্পনার বিষয়েও আলোচনা হয়।
সভায় জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মারকের আলোকে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা বাবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, খেলাধুলার পরিবেশ সম্প্রসারণ, শিশু-কিশোরদের সুস্থ বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিকল্প নেই। সরকারি নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দিঘলিয়া উপজেলায় খেলার উপযোগী মাঠের সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যমান মাঠগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।