
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধিঃ
“চলো করি বৃক্ষ রোপণ, গড়ে তুলি সবুজ ভূবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া রাইজিং সোসাইটি (DRS) এর উদ্যোগে বুধবার (৮ জুলাই) দুপুরে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিক, দিঘলিয়া রাইজিং সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান সাদ্দাম এবং সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া রাইজিং সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সংগঠনের সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সমাজসেবক সৈয়দ শাহজাহান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন মাহমুদ মিতা, সহকারী শিক্ষক রেজাউর রহমান, প্রসেনজিত বিশ্বাস, শারমিন আক্তার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তারেক মেহেদী, সদস্য জুম্মান, এ. আলী, মল্লিক শান্ত, সজলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিঘলিয়া রাইজিং সোসাইটির এ ধরনের সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।