
পরশমনি জ্যোতি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা অংশ নেন।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য অসংখ্য স্টল স্থাপন করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রম, পরামর্শ প্রদান এবং পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।
মেলা প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন নার্সারির উন্নতমানের গাছের চারা সাশ্রয়ী মূল্যে সংগ্রহের পাশাপাশি দর্শনার্থীরা বৃক্ষরোপণ ও পরিচর্যা সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শও গ্রহণ করতে পারবেন।