খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামের ৩ নং ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের টানা বর্ষণে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় একশত পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে টানা বৃষ্টির কারণে হাজীগ্রামের ৩ নং ওয়ার্ডের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। পানিবন্দি পরিবারগুলোর ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় তারা রান্নাবান্না করতে পারছে না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাচল। দৈনন্দিন কাজকর্ম করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
ভুক্তভোগী এলাকাবাসীর সাথে সংহতি জানিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। পরিস্থিতি পরিদর্শনে গিয়ে হাজীগ্রাম ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, দিঘলিয়া রাইজিং সোসাইটির সভাপতি হাসিবুর রহমান সাদ্দাম, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোঃ রাজু শেখ এবং সাবেক ইউপি সদস্য ডাঃ জিয়াউর রহমান ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব্যকালে তারা বলেন, "সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় আজ শতাধিক পরিবার খাটের ওপর মানবেতর দিন কাটাচ্ছে। আমরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এই অসহায় মানুষগুলোকে দুর্ভোগ থেকে মুক্ত করা হয়।"
এ সময় জলাবদ্ধ এলাকায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সাধারণ জনগণ। তারা এই মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।