
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীশ্রী ভগবান জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেনহাটী, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।
সেনহাটী ইউনিয়নের উত্তর চন্দ্রনীমহল এলাকার হর প্রসাদের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শ্রীশ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। রথটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ চন্দ্রনীমহল ঘণ্টা কন্যা মন্দিরে গিয়ে পৌঁছায়। পথে পথে ভক্তরা ফুল, ধূপ-ধুনো ও প্রার্থনার মাধ্যমে রথকে বরণ করে নেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত সনাতন ধর্মাবলম্বী এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও ঢাক-করতালের তালে পুরো এলাকা এক ধর্মীয় ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অন্যদিকে, বারাকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রথখোলা মন্দিরেও জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও কীর্তনের আয়োজন করা হয়।
এছাড়া গাজীরহাট ইউনিয়নেও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে প্রতিটি এলাকায় ছিল আনন্দ-উৎসবের আমেজ।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাও গ্রহণ করা হয়।
ভক্তরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।