খুলনা মহানগর হকার্স ইউনিয়ন রেজি. নং-১৬৯-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনার মিজানুর রহমান বাবু, মো. আবু জাফর ও মো. কালিমুল হক তামিম ও যুব নেতা জুয়েল হোসেন সাদ্দাম রাজু রুবেল সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে হকারদের অধিকার, কর্মসংস্থান, নিরাপত্তা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করে আসা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে এবারও সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউনিয়নের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। হকারদের অধিকার ও স্বার্থ রক্ষায় যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।