
আল-মাহফুজ শাওন
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১টার দিকে হাসপাতালের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করার পাশাপাশি হাসপাতালের রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের একে একে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। রোগীদের নিরাপদে সরিয়ে নিতে স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষও সহযোগিতা করছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল থেকে রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।