বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার উদ্যোগে বুধবার (২২ শ্রাবণ) সন্ধ্যায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘বাইশে শ্রাবণ—রবীন্দ্র স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি প্রফেসর সাধন ঘোষ এবং কবি দুখু বাঙাল।
বক্তারা বলেন, জীবনের অন্তিম সময়েও রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও মানবতাবোধ অটুট রেখেছিলেন। মৃত্যু নয়, বরং জীবনের পূর্ণতার মধ্যেই তিনি অমরত্বের সন্ধান করেছেন। তাঁর সাহিত্য, দর্শন ও সংগীত আজও মানবতার পথপ্রদর্শক হয়ে আছে।
পরে শিল্পী সাধন ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় এবং মিনা মিজানুর রহমান-এর ধারাবর্ণনায় ‘ভালোবেসেছিনু এই ধরণীরে’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন শিল্পী পরেশ বিশ্বাস, কাজী জাহান বাবু, শীলা দাস, কাকলি বসু, চন্দ্র শেখর অধিকারী, সৈয়দা সামিয়া সানম, অর্পিতা সরকার, কাজল ভট্টাচার্য, সাফানা মাহমুদ, বনানী ঘোষ, কল্পনা রায়, শুভ্রা সিনহা এবং বিথী বিশ্বাস।
রবীন্দ্রনাথের গান, দর্শন ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।