আল-মাহফুজ শাওন
এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
এ বছর বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন।
বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণে এবার পাসের হার কমেছে। তবে সার্বিক ফলাফল সন্তোষজনক।
গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৯৩২ জন।
এদিকে, এবার বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুটি। অন্যদিকে, ৩৬টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।