
সুস্থ ও ইতিবাচক সংস্কৃতির বিকাশে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংস্কৃতিজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সুস্থ ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই তাদের শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এ জন্য গান, নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ শিল্পকলার বিভিন্ন শাখায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশু-কিশোরদের নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সুস্থ সংস্কৃতির পরিবেশ তৈরিতে পরিবার, সমাজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খুলনা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী ও সংস্কৃতিজনেরা।
মতবিনিময় সভায় খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংস্কৃতিজনেরা খুলনায় সাংস্কৃতিক চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করা, শিল্পীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।