পরশমনি জ্যোতি
খুলনায় কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের সঙ্গে সাউন্ড ও লাইট টেকনিশিয়ানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় খুলনা ফুটবল টার্ফে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে সংগীতাঙ্গনের শিল্পী, যন্ত্রশিল্পী, সাউন্ড ও লাইট টেকনিশিয়ানদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও পুরো আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বকে আরও দৃঢ় করা।
ম্যাচে কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের দল ১০-২ গোলে সাউন্ড ও লাইট টেকনিশিয়ানদের দলকে পরাজিত করে। তবে আয়োজক ও অংশগ্রহণকারীদের কাছে ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং সংগীতাঙ্গনের মানুষদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা।
খেলা শেষে অংশগ্রহণকারীরা জানান, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে এ ধরনের আয়োজন নিয়মিত হলে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বাড়বে। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলার মাধ্যমে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তৈরি হবে আনন্দময় সম্পর্কের নতুন সেতুবন্ধন।
প্রীতি ফুটবল ম্যাচে কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সাউন্ড ও লাইট টেকনিশিয়ানসহ সংগীতাঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন। মাঠের এই আয়োজন শেষ পর্যন্ত হয়ে ওঠে খুলনার সংগীতাঙ্গনের মানুষদের এক আনন্দঘন মিলনমেলা।