
এস, এম আরাফাত আলী
১৯৪৭ সালের আগস্টে র্যাডক্লিফের তুলির আঁচড়ে যখন অবিভক্ত বাংলার সীমানা নতুন করে আঁকা হচ্ছিল, তখন অগণিত ভিটেমাটিহারা মানুষের আর্তনাদে বাতাসে ভারী হয়ে উঠেছিল রাজনৈতিক অনিশ্চয়তা। সেই উত্তাল দেশভাগের মানচিত্রে উত্তরবঙ্গের জেলাগুলোর মতো খুলনাও বহন করেছিল এক গভীর ঐতিহাসিক বৈপরীত্য। ১৯৪১ সালের তৎকালীন জনগণনা অনুযায়ী খুলনা ছিল একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, অন্যদিকে মুর্শিদাবাদে ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। তবে কলকাতা বন্দরের অর্থনৈতিক স্বার্থ, নদীপথের সুবিধা, প্রশাসনিক বাস্তবতা ও আঞ্চলিক জনবিন্যাসের জটিল হিসেব-নিকাশে খুলনাকে অন্তর্ভুক্ত করা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশভাগের এই রাজনৈতিক মানচিত্র কেবল ভূখণ্ডের রূপরেখা বদলে দেয়নি, বরং এই অঞ্চলের রাজনৈতিক বিন্যাসকেও প্রভাবিত করেছিল। এই ভূখণ্ডের জটিল সমীকরণের মধ্য দিয়েই ভারত ছাড়ার পর এই অঞ্চলের যশোর-খুলনা আসন থেকে সংবিধান প্রণয়ন গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন বাবাসাহেব আম্বেদকর, যা পরে পাকিস্তানের ভূখণ্ডে পরিণত হওয়ায় তাঁকে পুনরায় বোম্বে থেকে নির্বাচন করতে হয়। অন্যদিকে মরহুম খান এ সবুরসহ তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্বদের কূটনৈতিক তৎপরতা খুলনাকে পূর্ব পাকিস্তানে রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল।
রাজনৈতিক ও মানচিত্রের এই টানাপোড়েনের পেছনে লুকিয়ে রয়েছে খুলনার শত শত বছরের সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রবেশদ্বারের নামকরণের নেপথ্যে একাধিক ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে। গবেষকদের একটি বড় অংশের মতে, ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘খুলনেশ্বরী মন্দির’ থেকেই কালক্রমে এই অঞ্চলের নাম ‘খুলনা’ ধারণ করেছে। আবার ইউরোপীয় ও ব্রিটিশ আমলের প্রাচীন নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১৭৬৬ সালে উদ্ধৃত ‘ফলমাউথ’ জাহাজের নাবিকদের রেকর্ডে উল্লেখিত ‘Culnea’ বা পরবর্তী বিভিন্ন মানচিত্রে ব্যবহৃত ‘Colna’ এবং ‘Jessore-Culna’ শব্দ থেকে আজকের খুলনা নামের বিবর্তন ঘটেছে। পাশাপাশি স্থানিক ভূ-প্রশাসনিক একক ‘কিসমত খুলনা’ মৌজা থেকেও খুলনা নামের উৎপত্তির গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে পান অনেক ইতিহাসবিদ।
ঐতিহাসিক বিবর্তনের ধারা লক্ষ্য করলে দেখা যায়, আনুমানিক ছয়শত বছর পূর্বে সুফি সাধক হযরত উলুঘ খানজাহান আলী (রহ.) সুন্দরবন ও পার্শ্ববর্তী বাগেরহাট অঞ্চলে জনবসতি স্থাপনের মাধ্যমে খুলনা অঞ্চলের নগর সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে রূপসা ও ভৈরব নদীর তীর ঘেঁষে জনবসতি বিস্তারের মধ্য দিয়ে ১৮৪২ সালে অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হিসেবে যশোর জেলার অধীনে খুলনার প্রশাসনিক প্রাতিষ্ঠানিক পথচলা শুরু হয়। সাহিত্য ও ইতিহাসের অনন্য মেলবন্ধনও দেখা যায় এই সময়ে, যখন প্রশাসনিক দায়িত্বে থাকা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট বাংলোতে বসেই রচনা করেছিলেন তাঁর বিখ্যাত উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী’। রূপসা নদীর তীরে গড়ে ওঠা এই শহরের দ্রুত অর্থনৈতিক ও ভৌগোলিক বিকাশ ঘটায় ১৮৮২ সালের ২৫ এপ্রিল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা ও বাগেরহাট এবং ২৪ পরগনার সাতক্ষীরা মহকুমাকে একত্রিত করে ১ জুন থেকে পূর্ণাঙ্গ খুলনা জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করা হয়।
নদী বন্দর, সমতল ভূমি এবং সড়ক ও রেল যোগাযোগের অভূতপূর্ব সুবিধার কারণে খুলনা শহরটি সময়ের সাথে দ্রুত গতিতে বিকশিত হয়ে ওঠে। শহরের সুসংগঠিত নাগরিক পরিষেবা নিশ্চিত করতে ১৮৮৪ সালের ১ অক্টোবর থেকে তৎকালীন কয়লাঘাট, হেলাতলা, বানিয়াখামার ও টুটপাড়াসহ আশেপাশের গ্রামগুলো নিয়ে তৈরি হয় ২য় শ্রেণীর খুলনা মিউনিসিপ্যালিটি, যার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন রেভারেন্ড গগণচন্দ্র দত্ত। ক্রমান্বয়ে ভৌগোলিক রূপান্তর ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় খুলনা জেলাটি পরবর্তীতে এক সমৃদ্ধ বিভাগীয় শহরে পরিণত হয় এবং ১৯৯০ সালের ৬ আগস্ট আনুষ্ঠানিক কর্পোরেশনের মর্যাদা পেয়ে আজকের খুলনা সিটি কর্পোরেশনে উন্নীত হয়। মানচিত্র ভাগাভাগির স্মৃতি ও রাজনৈতিক টানাপোড়েন পেছনে ফেলে রূপসা ও ভৈরব নদীর বিধৌত এই খুলনা শহর আজ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য ও ঐতিহ্যের এক আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে রয়েছে।