খুলনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলার বাউল শিক্ষা নিকেতনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগরীর ২২/২, মিয়াপাড়া মেইন রোড, এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে গত শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের মূল কলাপসিবল গেট ও ভেতরের কাঠের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান বাদ্যযন্ত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ অর্থ নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের অভিযোগ, চোরেরা নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫৬ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ, আমেরিকা থেকে উপহার পাওয়া প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি সিলভার ফ্লুট, ৮ হাজার টাকা মূল্যের একটি ডিলে মেশিন, ১৮ হাজার টাকা মূল্যের একটি মাইক্রোফোন, ১৫ হাজার টাকা মূল্যের একটি সাউন্ড সিস্টেম এবং একটি ইলেকট্রিক তানপুরা নিয়ে গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুরি যাওয়া অর্থ ও মালামালের মোট মূল্য দুই লাখ টাকার বেশি।
চুরির পর প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বাদ্যযন্ত্র ও অন্যান্য সাংস্কৃতিক সরঞ্জাম রাখার স্থানেও চুরির চিহ্ন রয়েছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, চুরি যাওয়া সামগ্রীগুলো কেবল অর্থমূল্যের নয়, এগুলোর সঙ্গে দীর্ঘদিনের সংগীতচর্চা, শিক্ষার্থীদের শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশেষ করে আমেরিকা থেকে উপহার পাওয়া সিলভার ফ্লুটটির রয়েছে বিশেষ আবেগ ও স্মৃতিমূল্য।
ঘটনার পর খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চুরির ঘটনা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানানো হয়েছে।
বাংলার বাউল শিক্ষা নিকেতনের পক্ষ থেকে নিখিল কৃষ্ণ মজুমদার অভিযোগ করে বলেন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য এসব সামগ্রী শুধু অর্থমূল্যের সম্পদ নয়; এগুলোর সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সাধনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।