খুলনার কয়রা উপজেলায় সুপেয় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০ জন উপকারভোগীর মাঝে ৫০টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিদর্শনকালে খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এসব ট্যাংক বিতরণ করেন।
এদিন জেলা প্রশাসক কয়রা মদিনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, মদিনাবাদ ইউনিয়নের নদীর বাঁধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কয়রা থানা এবং সুন্দরবনের অন্তর্বর্তী বজবজা টহল ফাঁড়ি পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে আম ও নারকেলের দুটি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন জেলা প্রশাসক।
পরে তিনি কয়রা উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০টি পানির ট্যাংক বিতরণ করেন। উপকূলীয় কয়রায় সুপেয় পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
এরপর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জেলা প্রশাসক।
এ সময় কয়রা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক কয়রা উপজেলার বাঘ বিধবাদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি তাঁদের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।
জেলা প্রশাসকের এ সফরে উপকূলীয় এলাকার সুপেয় পানির ব্যবস্থা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা এবং বাঘ বিধবাদের কল্যাণসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
তথ্য ও ছবি : জেলা প্রশাসক কার্যালয়