
নিজস্ব প্রতিবেদক, যশোর:
মানবপাচার ও অভিবাসন বিষয়ে দায়িত্বশীল প্রতিবেদন তৈরি এবং সারভাইভারদের প্রতি সংবেদনশীল সাংবাদিকতা নিশ্চিত করতে যশোরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়িত এবং রূপান্তর ও রাইটস যশোর আয়োজিত কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে তিনি কর্মশালার কার্যক্রম শুরু করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন মো. ফাইরুজ হক, রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম এবং বাংলানিউজের যশোর ব্যুরোর বার্তা প্রধান সারোয়ার হোসেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন যশোরের দুজন সারভাইভার লিডার। কর্মশালায় ‘আশ্বাস’ প্রকল্পের কার্যক্রম, বাংলাদেশে মানবপাচার ও অভিবাসনের সাম্প্রতিক প্রবণতা, মানবপাচার বিষয়ক প্রতিবেদন তৈরির কাঠামো এবং নৈতিক ও সারভাইভার-কেন্দ্রিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় মানবপাচারের শিকার ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তাদের মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সংবেদনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার শেষপর্বে দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম। তিনি সাংবাদিকদের মানবপাচার ও অভিবাসন বিষয়ে প্রতিবেদন তৈরিতে তথ্যনির্ভর, নৈতিক ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের পরামর্শ দেন। পরে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পের মাধ্যমে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহসহ দেশের ঝুঁকিপূর্ণ ১০টি জেলায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।