
খুলনা প্রতিনিধি:
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব রিসোর্টের সব স্থাপনা নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়েছে, ১৮টি রিসোর্টের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে এবং বাকি আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব ধরনের স্থাপনা সরিয়ে নিতে হবে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা অমান্য করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্দেশ পাওয়া রিসোর্টগুলো হলো—অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।
সুন্দরবনের সংরক্ষিত পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর অননুমোদিত স্থাপনার সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।