
সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৬ ই অক্টোবর ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিলো সনাতন ধর্মাবিলম্বীদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর দেখতে দেখতে যেন সেই বিদায় মুহুর্তও চলে এসেছে।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দর্শন, পূজার্চনা ও ভক্তদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রতিটি মন্দির প্রাঙ্গন।
ষষ্টি, সপ্তমী, অষ্টমী ও নবমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, দেবী দুর্গার প্রতিমা দেখতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী ও ভক্তরা। অষ্টমীর অঞ্জলীতে মন্ডপগুলোতে ছিলো ভক্তবৃন্দদের উপচেপড়া ভিড়।
মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নানা সাজসজ্জায়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পূজামণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন অনেকে।
দর্শনার্থীরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগিরও একটি উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও তাঁরা আনন্দ ও উৎসাহ নিয়ে পূজামণ্ডপে এসেছেন। সুন্দর পরিবেশে প্রতিমা দর্শন করতে পেরে তাঁরা আনন্দিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
এদিকে পূজাকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত ৬১ টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও উৎসব উপভোগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের তৎপরতা দেখা গেছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দিঘলিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।