এস, এম আরাফাত আলী
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের এক শান্ত ও স্নিগ্ধ জনপদে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ঐতিহাসিক নিদর্শন-‘রুদ্র হাউজ’। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ প্রান্তে, ১৩৪৬ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই প্রাসাদোপম ভবনটি কেবল একটি জমিদার বাড়িই নয়, বরং এটি অতীত বাংলার সামাজিক বিন্যাস, স্থাপত্যশৈলী এবং মহান মুক্তিযুদ্ধের এক বীরত্বগাথার প্রতীক। প্রায় ২০ বিঘা জমির ওপর বিশাল আয়তন নিয়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক বাড়িটির ভিত্তি স্থাপন করা হয়েছিল প্রায় কুড়ি ফুট গভীরে, যা এর দীর্ঘস্থায়িত্ব ও সুদৃঢ় কাঠামোর এক অনন্য প্রমাণ। সময়ের বহু প্রাকৃতিক ও সামাজিক অভিঘাত মোকাবিলা করে এই ভবনটি আজ স্বমহিমায় টিকে রয়েছে এবং রূপসা তথা খুলনার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
রুদ্র হাউজের স্থাপত্যশৈলীতে ইউরোপীয় রেনেসাঁ এবং দেশীয় সংস্কৃতির এক অপূর্ব ও দৃষ্টিনন্দন সংমিশ্রণ লক্ষ্য করা যায়। ভবনটির বিশাল স্তম্ভ, খিলানযুক্ত প্রধান প্রবেশদ্বার, নিখুঁত পাথরের কারুকার্য এবং কেতাদুরস্ত প্রশস্ত বারান্দা যেন অতীত অভিজাত্যের জয়গান গায়। এর পাশাপাশি কাঠের তৈরি ঐতিহ্যবাহী জানালা, খোলামেলা উঠোন এবং সংলগ্ন মন্দিরসদৃশ ছোট ঘরটি বাংলার নিজস্ব সংস্কৃতির আবহকে জীবন্ত করে তুলেছে। এই চমৎকার মেলবন্ধন ভবনটিকে সাধারণ কোনো বাসভবন থেকে আলাদা করে এক অনন্য ঐতিহ্যবাহী স্থাপনার রূপ দিয়েছে। বাড়ির প্রতিষ্ঠাতা রাজেন্দ্রনাথ রায় চৌধুরী ছিলেন তৎকালীন সময়ের অত্যন্ত প্রগতিশীল ও উচ্চশিক্ষিত এক ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর তিনি ব্রিটিশ সরকারের অধীনে ভারতবর্ষের রেলওয়েতে প্রধান ক্যাশিয়ারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সে সময়ে একজন বাঙালির এমন উচ্চপদে অধিষ্ঠিত হওয়া ছিল অত্যন্ত গৌরবের বিষয়। কর্মব্যস্ত কলকাতা জীবন শেষে পুজোর ছুটি বা বিশেষ কোনো উপলক্ষে তিনি যখন রূপসার এই জন্মভূমিতে ফিরে আসতেন, তখন তাঁর এই বিশাল বাড়িটি আত্মীয়-স্বজন, অতিথি ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হয়ে উঠত।
সময়ের পরিক্রমায় রাজেন্দ্রনাথ রায় চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে তাঁর উত্তরসূরি কালিপদ বসুরাই চৌধুরী আইএ পাস করার পর পারিবারিক এ ঐতিহ্যের হাল ধরেন। মূলত কৃষিভিত্তিক অর্থনীতির ওপর নির্ভর করে তখন এই পরিবারটি তাদের পারিবারিক প্রভাব ও কার্যক্রম পরিচালনা করত, যা থেকে উৎপাদিত ফসল বিক্রির মাধ্যমে তারা অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করত। কালিপদ বাবুর দুই পুত্র-তৌরণ কুমার বসু রায় চৌধুরী ও তপন কুমার রায় চৌধুরী, বর্তমানে পূর্বপুরুষের এই ধারা বজায় রেখে সরাসরি কৃষিকাজে নিজেদের নিয়োজিত রেখেছেন এবং মাটি ও মানুষের কাছাকাছি থেকে জীবনযাপন করছেন। এই পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন জিৎ, যিনি বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর বর্তমানে খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত আছেন। নানা পরিবর্তনের মধ্য দিয়ে বয়ে চলা এই পরিবারের শেকড় তাই আজও রূপসার মাটির সঙ্গেই গভীরভাবে প্রোথিত রয়েছে।
স্থাপত্য ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে রুদ্র হাউজ জড়িয়ে রয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এক গৌরবময় ও রোমাঞ্চকর ইতিহাসের সঙ্গে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর অনুগত ও দেশীয় রাজাকাররা এই ঐতিহাসিক ভবনটিকে তাদের স্থানীয় একটি ঘাঁটি বা ক্যাম্প হিসেবে জবরদখল করে নেয়। রাজাকাররা এই বাড়িটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মনে নানাভাবে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করে। তবে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের ঠিক পরপরই ১৩৫ জন দামাল মুক্তিযোদ্ধা বীরের বেশে রুদ্র হাউজে অভিযান চালিয়ে রাজাকারদের সেখান থেকে খদিয়ে দেন এবং বাড়িটিকে সম্পূর্ণ দখলমুক্ত করেন। বিজয়ের পর মুক্তিযোদ্ধারা এই বাড়িতে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন অবস্থান করে যুদ্ধাহত সহযোদ্ধাদের শুশ্রূষা ও চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা বাড়িটির প্রকৃত মালিক কালিপদ বসুরাই চৌধুরীর কাছে এর সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে সেখান থেকে বিদায় নেন।
শুধু মূল ভবনটিই নয়, রুদ্র হাউজের ভৌগোলিক বিস্তৃতি ও পরিধিও বেশ বিস্তৃত ছিল। বিশ বিঘা জমির ওপর নির্মিত এই বিশাল চত্বরের চারপাশে অতীতে শীতল পুকুর, সবুজ বাগান, খামার, শস্যের গোলাঘর ও অতিথিশালার এক স্নিগ্ধ সমাহার ছিল। কেবল শ্রীফলতলা ইউনিয়নই নয়, রূপসা ছাড়াও খুলনার যাবুসা, কয়রা, বানিশান্তা এবং দাকোপ অঞ্চলের বিভিন্ন এলাকায় এই পরিবারের মালিকানাধীন কৃষি ও অন্যান্য জমি রয়েছে, যেখানকার আয় দিয়ে পরিবারটি যুগ যুগ ধরে তাদের জীবনযাত্রা সচল রেখেছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই রুদ্র হাউজ আজ কেবল একটি পরিবারের বসতভিটাই নয়, বরং এটি খুলনার রূপসা অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি এবং বীরত্বপূর্ণ ইতিহাসের এমন এক দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দেশপ্রেম ও ঐতিহ্যের শেকড়ের সন্ধান দিয়ে যাবে।