মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ প্রায় তিন বছর ধরে কমিটি না থাকায় বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। দ্রুত জেলা কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, কমিটি না থাকলেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরে আয়োজিত র্যালি ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শহরের স্বাধীনতা উদ্যান থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় সুজন মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জেলা যুবদলের কমিটি না থাকার বিষয়ে তিনি বলেন, প্রায় তিন বছর ধরে জেলায় সংগঠনটির কোনো কমিটি নেই। তারপরও প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, কমিটি না থাকলেও তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সুজন মোল্লা আরও বলেন, দ্রুত জেলা যুবদলের কমিটি গঠন করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি দ্রুত কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পেলে নেতাকর্মীরা সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক তৎপরতা এবং নতুন কমিটি গঠনের দাবি আবারও সামনে আসে।