সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অপসারণে দুর্গন্ধ ও ভোগান্তি কমার প্রত্যাশা নিরালা-গল্লামারিবাসীর
খুলনার নিরালা মোড় এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড়ের ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি গত ২ নভেম্বর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে নিরালা ও গল্লামারি এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয়দের প্রত্যাশা, ময়লার স্তূপ ও দুর্গন্ধের কারণে দীর্ঘদিনের অস্বস্তি থেকে এবার মুক্তি মিলবে। বিশেষ করে এ পথ দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের আর আগের মতো নাক চেপে চলতে হবে না।
এলাকাবাসীর মতে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক উদ্যোগ। তবে ভবিষ্যতে ওই স্থানে যেন আবারও ময়লা জমে পরিবেশ দূষণের সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় নজরদারি রাখার প্রত্যাশা তাঁদের।
নিরালা মোড়ের এই পরিবর্তন খুলনার পরিচ্ছন্ন নগরী গড়ার পথে একটি স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।