
মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বড়পাইকপাড়া এলাকায় দুই বিঘা জমির মাছের ঘের দখল করে মাছ ও কৃষিপণ্য লুটের অভিযোগ উঠেছে। এ সময় বসতঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও পানির পাম্প নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ৮০০টি টমেটো গাছের ফলসহ বিভিন্ন ফল ও সবজি লুট এবং গাছপালা কেটে নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাভলী বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সুজন শেখের নেতৃত্বে ১৮ থেকে ২০ জন ব্যক্তি মাছ ধরার জাল ও লাঠিসোঁটা নিয়ে ঘেরে প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান। পরে বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল তছনছ করেন। এ সময় ঘর থেকে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও পানির পাম্প নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী লাভলী বেগম বলেন, ঘেরের মাছ ও জমির ফসল বিক্রির আয়েই তাঁদের সংসার চলত। হামলাকারীরা মাছ লুটের পাশাপাশি ফলন্ত টমেটো, পেঁপে, বেগুন, ঢেঁড়স ও লাউ নিয়ে গেছে। অসংখ্য গাছ কেটে ও নষ্ট করেছে। এতে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পরিবারের সদস্যদের দাবি, ঘের থেকে পাঁচ থেকে ছয় মণ গলদা চিংড়ি, দুই থেকে আড়াই মণ সাদা মাছ এবং প্রায় ১৫ থেকে ১৬ বস্তা টমেটোসহ বিভিন্ন ফল ও সবজি নিয়ে যাওয়া হয়েছে। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি ঘটনার ভিডিও ধারণের সময় মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
জমির মালিক শেখ কামরুল ইসলাম জানান, ২০১৩ সালে তিনি ১০০ শতক জমি কিনে সেখানে বসবাসের পাশাপাশি মাছ চাষ ও কৃষিকাজ করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। তিনি ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন, লাভলী বেগম থানায় এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।