সংবাদ প্রকাশের পর ‘গাছতলায় আশ্রয় নেওয়া’ হাজী শামসুল হক মোল্লার পাশে দাঁড়ানোর নির্দেশ; ছেলেরা বাড়িতে ফিরিয়ে নিয়ে দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ার বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যায়। এ সময় তাঁরা বৃদ্ধের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রধানমন্ত্রী বৃদ্ধের নিরাপদ আশ্রয় ও পরিচর্যা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে নির্দেশ দিয়েছেন। সরেজমিনে গিয়ে তাঁরা জানতে পেরেছেন, তাঁর ছেলেরা তাঁকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তাঁর দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা দীর্ঘদিন পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি সন্তানদের কাছেই আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে বসতবাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন। তাঁর দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিরা।